ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

রাজধানী ও আশপাশের জেলাগুলোতে বর্ধিত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে গত তিন দিন ধরে বিক্ষিপ্ত বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। বার্তায় বলা হয়, “রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে।”

তবে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, তা জানানো হয়নি।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পূর্বে উত্তেজনা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় নিষিদ্ধ আওয়ামী লীগ ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলা ভিত্তিক বিক্ষোভ এবং ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দেয়।

এর মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। ময়মনসিংহে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।