ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টার আশা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে বৈঠক শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাইবার অপরাধ, বন্দি প্রত্যর্পণ এবং শেখ হাসিনার রায় পরবর্তী জনমনের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা জানান, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণের দায়িত্ব সম্পূর্ণই নির্বাচন কমিশনের হলেও, আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো সময়ের নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের অস্থিরতা নেই। কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।”

জার্মান রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, জার্মানি ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং ভবিষ্যতে তা আরও গভীর হবে বলে আশা করা হয়।

তিনি আরও দাবি করেন, দেশে অপরাধের মাত্রা নিয়ন্ত্রণে আছে এবং মানুষ এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, যা আগের ১৫ বছরে সম্ভব হয়নি।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মো. মাহাবুবুর রহমান এবং জার্মান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আঞ্জা কেরস্টেন উপস্থিত ছিলেন।