সাম্প্রতিক ভূমিকম্প এবং তার পরবর্তী আফটারশকের প্রভাব বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার বিকেল ৫টার মধ্যে সকল আবাসিক ছাত্রকে হল ছাড়তে হবে।
শনিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন। চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর এবং প্রকৌশল বিভাগের কর্মকর্তারাও আলোচনায় যোগ দেন।
সভায় জানানো হয়, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে। বুয়েট ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের বিশেষজ্ঞদের মূল্যায়নে উঠে আসে—আবাসিক হলগুলোতে পুঙ্খানুপুঙ্খ ঝুঁকি নিরূপণ, কাঠামোগত পরীক্ষা এবং প্রয়োজনীয় সংস্কার জরুরি। এসব কাজ নির্বিঘ্নে করতে হলে হল খালি করা ছাড়া উপায় নেই বলে মত দেন বিশেষজ্ঞরা।
সিদ্ধান্ত অনুযায়ী, ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে, তবে প্রশাসনিক দপ্তরগুলো স্বাভাবিকভাবে খোলা থাকবে।
প্রাধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের হল ছাড়ার ব্যবস্থা নিশ্চিত করতে।
আপনার মতামত লিখুন :