জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণের আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রত্যাশা জানান।
প্রেস সচিব বলেন, ভারত ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার ভিত্তিতে প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে। একইভাবে কামালসহ অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের বিচার নিশ্চিত করা সময়ের দাবি হয়ে উঠেছে।
তিনি লিখেছেন, “যতই অর্থ ব্যয় করা হোক, জবাবদিহিতা এড়ানো যাবে না। ‘ঢাকার কসাই’ হিসেবে পরিচিত কামালকে বিচারের মুখোমুখি করতেই হবে।”
তার মতে, হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলের গণহত্যা, গুমসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আন্তর্জাতিক মহলে আরও বেশি মনোযোগ আকর্ষণ করছে। যা অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াকে দ্রুততর করবে।
শফিকুল আলম আশা প্রকাশ করেন, জুলাইয়ের গণহত্যা–সহ সব মানবাধিকার লঙ্ঘনের ন্যায়বিচার নিশ্চিত করতে জাতি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপরাধীই দায়মুক্ত হতে পারবে না।
আপনার মতামত লিখুন :