২০০৯ সালের বিডিআর হত্যা–মামলার স্বাধীন তদন্ত কমিশন বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম দায়ীদের তালিকায় অন্তর্ভুক্ত করার পর তাকে বরখাস্তের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছে ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিল। শনিবার সংগঠনটির চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এই চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়, বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা জাতির জন্য এক গভীর ক্ষত। এমন একটি জাতীয় নিরাপত্তা–সংকটের তদন্তে দায়িত্বে থাকা একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার নাম উঠে আসা বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। অভিযোগ থাকা অবস্থায় তার একই পদে বহাল থাকা জনআস্থা ও বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য—আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা। এই অবস্থায় তদন্ত রিপোর্টে নাম থাকা সত্ত্বেও আইজিপির দায়িত্বে থাকা রাষ্ট্রব্যবস্থার ওপর সন্দেহের জন্ম দিচ্ছে।
কাউন্সিল তিনটি দাবি উত্থাপন করেছে:
১) তদন্ত রিপোর্টে নাম আসায় আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে পদচ্যুত করা
২) সংশ্লিষ্ট সব কর্মকর্তার ভূমিকা ও দায় নির্ণয়ে কার্যকর পদক্ষেপ
৩) স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন।
এর আগে ৪ ডিসেম্বর একই অভিযোগে আইজিপিকে অপসারণের জন্য সরকারের চার শীর্ষ সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।
আপনার মতামত লিখুন :