নির্বাচনকে সামনে রেখে সরকার “সুষ্ঠু, উৎসবমুখর ও গ্রহণযোগ্য” ভোট আয়োজনের সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচনী দায়িত্বে থাকা সব বাহিনী ইতোমধ্যে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করেছে এবং জানুয়ারির মধ্যেই প্রস্তুতি সম্পন্ন হবে।
উপদেষ্টা জানান, প্রতিটি কেন্দ্রে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি ভোটের দিনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি স্বীকার করেন, নির্বাচনের আগে অপরাধ সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনা সম্ভব নয়। “আমার কাছে কোনো ম্যাজিক নেই,” মন্তব্য করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যেও তিনি বলেন, “সব দলই এখন মাঠে রয়েছে। কেউ কেউ মাঠে নামতে চাইছে না— রাজনৈতিক কারণে তাদের নিজস্ব সমস্যা রয়েছে।”
রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা মামলার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অপরাধীদের ধরতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত দ্রুততর করার ওপর জোর দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :