ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা হাদির ভাই আবু বকর সিদ্দীক ও বোন মাসুমাসহ ইনকিলাব মঞ্চের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন যে, হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, শারীরিক অবস্থার প্রয়োজন হলে দেশের বাইরে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হবে।
সাক্ষাতে হাদির বোন বলেন, ছোটবেলা থেকেই দেশপ্রেম ও বিপ্লবী চেতনায় বেড়ে ওঠা হাদি একটি শিশুসন্তানের বাবা। তিনি পরিবারের ভরসা এবং জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী। তাঁর দ্রুত সুস্থতা দেশের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
ইনকিলাব মঞ্চের নেতারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন এবং জুলাই আন্দোলনে যুক্ত কর্মীদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, হামলার পেছনে থাকা পুরো চক্র চিহ্নিত করতে পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
সাক্ষাতে আইন, পরিবেশ, শিল্প ও জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :