তিন দফা দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। দাবি মানা না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান তিনি।
সোমবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, শরীফ ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী—সবাইকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গাফিলতির তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধে দেওয়া রায় কার্যকরের দাবি করেন সাদিক কায়েম। পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক অভিযান শুরু করে সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এসব বিষয়ে সরকারের অবহেলা আর মেনে নেওয়া হবে না।
সাদিক কায়েম সতর্ক করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন না এলে সংশ্লিষ্ট উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে।
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দাবিগুলো “যৌক্তিক” এবং সরকার সেগুলো বাস্তবায়নে উদ্যোগ নেবে।
আপনার মতামত লিখুন :