দেশের পথে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফেরার পথে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে তারা হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত গিয়ে তাকে বিদায় জানান।

চেক-ইন শেষে ফাস্ট ট্র্যাক ব্যবস্থায় নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করে তারেক রহমান ও সফরসঙ্গীরা ভেতরে প্রবেশ করেন। যুক্তরাজ্য বিএনপির এক নেতা জানান, একই ফ্লাইটে প্রায় ৫০ জন নেতাকর্মী বাংলাদেশে যাচ্ছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে তারেক রহমানের ঢাকা যাত্রা নির্ধারিত। বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে ফ্লাইটটি লন্ডন ছাড়ার কথা রয়েছে। সিলেট হয়ে বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সূচি রয়েছে।