জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে

সংবর্ধনাস্থলে তারেক রহমান, স্বাগত জানাতে জনতার ঢল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ৩:০৯ অপরাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে পূর্বনির্ধারিত বাসে চড়ে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন কয়েক লাখ নেতাকর্মী। সমাবেশে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সংবর্ধনা শেষে তারেক রহমান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তার মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি গুলশানের ১৯৬ নম্বর বাসভবন ‘ফিরোজা’য় যাবেন।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০২ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত বিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।