গণসংবর্ধনার মঞ্চে তারেক রহমান, যুগপৎ আন্দোলনের নেতাদের সঙ্গে সৌজন্য বিনিময়


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

ঐতিহাসিক গণসংবর্ধনা মঞ্চে উঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতা ও যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। হাত নেড়ে তিনি লাখো মানুষের অভিবাদনের জবাব দেন, মুহূর্তেই স্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থল।

মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং অন্যান্য শরিক নেতারা। তাদের সঙ্গে হাত মিলিয়ে সংক্ষিপ্ত কথা বলেন তারেক রহমান।

বেলা ৪টার কিছু আগে মঞ্চে পৌঁছালে তাকে স্বাগত জানায় জনসমুদ্র। এর আগে বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় যাওয়ার পথে সড়কের দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নেতাকর্মীরা প্রিয় নেতাকে অভিবাদন জানান। তারেক রহমান হাসিমুখে হাত নেড়ে সেই অভিবাদনের জবাব দেন।

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারেক রহমান। ভিআইপি লাউঞ্জে দলীয় নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পর তিনি পূর্বনির্ধারিত বাসে করে রাজধানীর ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন গণসংবর্ধনার উদ্দেশে রওনা হন।