৩০০ ফুট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করছে বিএনপি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ১২:০০ অপরাহ্ন

ঢাকা — রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট), বিমানবন্দর সড়ক ও সংলগ্ন এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিএনপি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কার্যক্রমে অংশ নেবেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কর্মসূচির বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসমাবেশের ফলে এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর এলাকায় যে বর্জ্য সৃষ্টি হয়েছে, জনস্বার্থে তা দ্রুত পরিষ্কার করা হবে।

গতকাল বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় যাওয়ার পথে তারেক রহমানকে এক নজর দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন লাখো নেতাকর্মী। প্রায় সাড়ে ছয় কিলোমিটারজুড়ে এই যাত্রাপথ জনসমুদ্রে পরিণত হয়। পরে তিনি সেখানে আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য দেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিনও পৃথক ফেসবুক পোস্টে পরিচ্ছন্নতা কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকায় সৃষ্ট সব বর্জ্য অপসারণে শুক্রবার সকাল থেকেই কাজ শুরু হবে।

এই উদ্যোগে অংশ নেওয়া নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের আগাম ধন্যবাদ জানান মাহদী আমিন। পাশাপাশি বৃহস্পতিবারের জনসমাবেশে অংশ নেওয়া সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।