দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পরদিনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান। প্রায় ১৯ বছর পর বাবার কবরের পাশে ফিরে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি কবর জিয়ারত করেন। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর দোয়া-মোনাজাতে অংশ নেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। উপস্থিতদের মতে, এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমান শেষবার এখানে শ্রদ্ধা জানিয়েছিলেন। পরবর্তী রাজনৈতিক পরিবর্তন ও দীর্ঘ প্রবাসজীবনের কারণে আর আসা সম্ভব হয়নি।
এর আগে বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। সেদিন পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের সংবর্ধনায় যোগ দিয়ে তিনি চিকিৎসাধীন মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং পরে বাসভবনে ফেরেন।
জিয়ারতকে ঘিরে দুপুর থেকেই চন্দ্রিমা উদ্যান এলাকায় নেতাকর্মীদের ভিড় দেখা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। এ সময় তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :