বীর শহীদদের প্রতি শ্রদ্ধা: জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

ঢাকা — মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তাকে বহনকারী বাস স্মৃতিসৌধ চত্বরে প্রবেশ করে এবং রাত ১০টা ৩২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

শ্রদ্ধা নিবেদনের সময় স্মৃতিসৌধ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে। র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী ও আর্মড পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। উপস্থিত দলীয় নেতাকর্মীরা স্লোগানে তারেক রহমানকে স্বাগত জানান।

এর আগে সূর্যাস্তের আগে বেদিতে পৌঁছানো সম্ভব না হওয়ায় শুক্রবার বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে বিএনপির শীর্ষ নেতারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও ড. আব্দুল মঈন খানসহ কেন্দ্রীয় ও ঢাকা জেলা নেতারা।

একই দিন বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতেও শ্রদ্ধা জানান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, স্মৃতিসৌধে পৌঁছাতে বিলম্ব হওয়ায় তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন এবং দীর্ঘ সময় অপেক্ষার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।