বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতাকারী সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি নিজের ও পরিবারের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারেক রহমান বলেন, গভীর শোকের মুহূর্তে দেশের মানুষের শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে তার মায়ের শেষ বিদায় নিশ্চিত হয়েছে সংশ্লিষ্টদের দায়িত্ববোধ, পেশাদারত্ব ও মানবিক আচরণের কারণে। তিনি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, ভিডিপি ও এপিবিএনের সদস্যদের ধৈর্য ও নিষ্ঠার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।
এ ছাড়া ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের সতর্কতা ও দায়িত্ব পালনের প্রশংসা করেন তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত ভূমিকার কথাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রচেষ্টায় বিদেশি প্রতিনিধিদের উপস্থিতি এবং প্রতিকূল পরিস্থিতিতেও দেশ-বিদেশের গণমাধ্যমকর্মীদের পেশাদার কভারেজের জন্যও ধন্যবাদ জানান তারেক রহমান। পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সদস্যদের ব্যক্তিগত উপস্থিতি ও সহমর্মিতার কথাও স্মরণ করেন তিনি।
তারেক রহমান বলেন, এই সম্মিলিত সহযোগিতার কারণেই জাতি মর্যাদার সঙ্গে তার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে।
আপনার মতামত লিখুন :