এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

বাংলাদেশে আর আগের মতো পাতানো নির্বাচন হবে না বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ইনসাফ ও ন্যায়বিচারে বিশ্বাসী এবং সব প্রার্থীই কমিশনের কাছ থেকে সমান ও ন্যায্য আচরণ পাবেন।

বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, যেসব প্রার্থী মনোনয়নপত্র বাতিল বা বৈধতার বিরুদ্ধে আপিল করেছেন, সেগুলোর নিষ্পত্তি হবে পুরোপুরি আইনি প্রক্রিয়ার মাধ্যমে। কমিশন সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, আপিল শুনানির প্রতিটি ধাপ হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। প্রতিটি আবেদন গভীরভাবে পর্যালোচনা করে আইন অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হবে, যাতে কোনো পক্ষ বঞ্চিত না হয়।

সিইসির এই বক্তব্যকে সামনে রেখে আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।