বাংলাদেশে পৌঁছাল ফিফা বিশ্বকাপের সোনালি ট্রফি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ১:০১ অপরাহ্ন

ফুটবলপ্রেমীদের জন্য আনন্দের খবর—ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি বাংলাদেশে এসে পৌঁছেছে। বুধবার সকাল ১০টার দিকে ঢাকায় অবতরণ করে বহুল প্রতীক্ষিত সোনালি ট্রফিটি। আনুষ্ঠানিকতা শেষে এটি হোটেল রেডিসনে প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

দুপুরের পর সীমিতসংখ্যক নির্বাচিত দর্শকের জন্য ট্রফি প্রদর্শনের আয়োজন রাখা হলেও সাধারণ দর্শকদের জন্য সুযোগ সীমিত। ট্রফির সঙ্গে বাংলাদেশে এসেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক তারকা মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

কোকা-কোলা ও ফিফার যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র অংশ হিসেবে এই ট্রফি বিশ্বভ্রমণে রয়েছে। গত ৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদ থেকে শুরু হওয়া এই সফরে ট্রফিটি ৩০টি দেশের ৭৫টি গন্তব্য ঘুরবে।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে প্রথমবারের মতো কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করবে ৪৮ দল ও ১০৪ ম্যাচের মহাযজ্ঞ।