নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন বাড়ছে প্রায় আড়াই গুণ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ৮:১০ অপরাহ্ন

সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন প্রায় আড়াই গুণ বাড়িয়ে ২০ হাজার ২৫০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে বেতন কমিশন। বর্তমানে এই বেতন ৮ হাজার ২৫০ টাকা। একই সঙ্গে সর্বোচ্চ ধাপের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত হবে ১:৮ এবং পুরো পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় ৮০ হাজার কোটি টাকা।

আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তাব থাকলেও চলতি জানুয়ারি থেকেই আংশিক বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংশোধিত বাজেটে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকার আশা করছে, নতুন পে-স্কেল সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।