নোয়াখালী — বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসন্ন নির্বাচনে শুধু ভোট দেওয়া যথেষ্ট নয়; প্রতিটি ভোট সঠিকভাবে গণনা হচ্ছে কি না, তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, নির্বাচন ব্যাহত করতে একটি গোষ্ঠী আবারও তৎপর, এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটারদের ভোর থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। তিনি বলেন, মুসলমান ভোটাররা ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে পারেন এবং অন্যান্য ধর্মের নাগরিকদের সঙ্গে নিয়ে সকালের শুরুতেই লাইনে দাঁড়ানো জরুরি, যাতে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারেন।
তিনি জোর দিয়ে বলেন, ভোট দেওয়ার পর ভোটকেন্দ্র ত্যাগ না করে সেখানে অবস্থান করা প্রয়োজন, যাতে ভোটের প্রতিটি হিসাব “কড়ায়-গণ্ডায়” বোঝা যায়।
জনসভায় স্থানীয় সমস্যার কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হাতিয়া উপজেলার দীর্ঘদিনের সমস্যা নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ ও ব্লক বাঁধ নির্মাণ করা হবে। “আপনাদের সমস্যাগুলো নোট করে রাখছি,” বলেন তিনি, “ক্ষমতায় গেলে সেগুলোর বাস্তব সমাধান করা হবে।”
নোয়াখালী-৬ আসনের বিএনপি প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান তাকে এলাকার উন্নয়নের প্রতীক হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন এবং ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নারীদের উদ্দেশে তিনি বলেন, তারা দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার, এবং বিএনপি সরকার গঠন করলে পরিবার ও স্বাস্থ্যসেবাভিত্তিক কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করা হবে।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
আপনার মতামত লিখুন :