দুর্নীতির অভিযোগে তদন্তাধীন সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, ইলিয়াস মোল্লাহর মালিকানাধীন একাধিক মার্কেট, ফ্ল্যাট ও জমি জব্দ করা হয়েছে। পাশাপাশি তার চারটি গাড়ি, একটি প্রাইজ বন্ড এবং ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, জব্দ ও অবরুদ্ধ সম্পদের মোট মূল্য প্রায় ১৭ কোটি ৭৭ লাখ টাকা।
জব্দ হওয়া সম্পত্তির মধ্যে ঢাকার মিরপুর, পল্লবী ও সাভার এলাকায় অবস্থিত ফ্ল্যাট ও জমি রয়েছে। তার নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে রয়েছে প্রায় ৭ কোটি ১ লাখ টাকা, আর চারটি গাড়ির আনুমানিক মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩২ লাখ টাকার বেশি। এছাড়া একটি ৩০ লাখ টাকার প্রাইজ বন্ডও অবরুদ্ধ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ফেরদৌস রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। আবেদনে উল্লেখ করা হয়, ইলিয়াস মোল্লাহর বিরুদ্ধে অবৈধভাবে প্রায় ১৪ কোটি টাকার সম্পদ অর্জন এবং নিজের ও তার ব্যবসা প্রতিষ্ঠানের নামে ১৭৩ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা চলছে।
দুদক জানায়, তদন্তে সব সম্পদের পূর্ণাঙ্গ তথ্য এখনও পাওয়া যায়নি। তবে চিহ্নিত সম্পদগুলো যাতে হস্তান্তর বা স্থানান্তর করা না যায়, সে জন্য আগাম ব্যবস্থা হিসেবে জব্দ ও অবরুদ্ধ করার প্রয়োজন দেখা দিয়েছে।
এর আগে সোমবার একই আদালত ইলিয়াস মোল্লাহর স্ত্রী ফরিদা ইলিয়াসের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন, যেখানে প্রায় ৯৭ লাখ টাকা রয়েছে। চলতি মাসের শুরুতে দুদক ইলিয়াস মোল্লাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে।
আপনার মতামত লিখুন :