ময়মনসিংহ বিভাগে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে প্রথমবারের মতো সমাবেশের মঞ্চে উঠলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত এ সমাবেশে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে দ্বিধা–দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নির্বাচনী প্রচারের পঞ্চম দিনে এটি ছিল ঢাকার বাইরে তার তৃতীয় সমাবেশ। নির্ধারিত সময়ের কিছু পরে, বিকেল ৪টা ৩ মিনিটে তিনি মঞ্চে ওঠেন। এর আগে সমাবেশস্থলের পাশে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
মঞ্চে ওঠার সময় স্থানীয় নেতাকর্মীরা স্লোগান ও ফুল দিয়ে তাকে স্বাগত জানান। সমাবেশে ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা বক্তব্য দেন এবং দলীয় বিভাজন ভুলে নির্বাচনী লড়াইয়ে ঐক্য গড়ে তোলার ওপর জোর দেন। বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চেয়ে আসন্ন নির্বাচনে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
সমাবেশে উপস্থিত অনেক নেতাকর্মী জানান, একই মাঠে অতীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনসভায় অংশ নেওয়ার স্মৃতি তাদের আন্দোলিত করেছে। দীর্ঘদিন পর আবারও বড় রাজনৈতিক সমাবেশ ঘিরে ময়মনসিংহে বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্পষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আপনার মতামত লিখুন :