আন্তর্জাতিক আদালতের রায়

টেংরাটিলা বিস্ফোরণ মামলায় বাংলাদেশের জয়, নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন

সুনামগঞ্জের ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ২০০৫ সালের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের পক্ষে রায় এসেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ইকসিড) ট্রাইব্যুনাল কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সকে বাংলাদেশকে প্রায় ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

পেট্রোবাংলা জানিয়েছে, বিস্ফোরণে নষ্ট হওয়া গ্যাসের ক্ষতি বাবদ ৪০ মিলিয়ন ডলার এবং পরিবেশসহ অন্যান্য ক্ষতির জন্য ২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ আইনি লড়াই শেষে এ রায়ে রাষ্ট্রের আর্থিক ও পরিবেশগত ক্ষতির আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

২০০৫ সালে নাইকোর অনুসন্ধান কূপ খননের সময় টেংরাটিলা গ্যাসক্ষেত্রে দুই দফা বিস্ফোরণে বিপুল পরিমাণ গ্যাস ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় বাংলাদেশ স্থানীয় আদালত, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে জয়ী হওয়ার পর আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য পেল। রায়ের ফলে ক্ষতিপূরণের পাশাপাশি গ্যাসক্ষেত্রের অবশিষ্ট সম্পদ ব্যবহারের পথও আরও সুগম হলো বলে মনে করা হচ্ছে।