আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে ৫৭ জন দ্বিপক্ষীয় পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দ্বিপক্ষীয় পর্যবেক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন পাঠাচ্ছে মালয়েশিয়া এবং ১২ জন সংসদ সদস্য নিয়ে তুরস্ক দ্বিতীয় বৃহত্তম প্রতিনিধি দল পাঠাচ্ছে। এ ছাড়া এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও পর্যবেক্ষকরা অংশ নেবেন।
দ্বিপক্ষীয় দলের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথসহ আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এখন পর্যন্ত প্রায় ৪০০ আন্তর্জাতিক পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩০০ আসনে এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দলের প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে দেশব্যাপী অনুষ্ঠিত হবে ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট।
আপনার মতামত লিখুন :