বিদেশি অপারেটরের কাছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও কর্মচারীরা মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টার পূর্ণ কর্মবিরতিতে নেমেছেন। এর ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
৩১ জানুয়ারি থেকে টানা তিন দিন আংশিক কর্মবিরতির পর আন্দোলনকারীরা দাবি আদায়ে কর্মসূচি কঠোর করেন। সকাল আটটার পরপরই জেনারেল কার্গো বার্থে জাহাজ থেকে পণ্য ও কনটেইনার ওঠানামা বন্ধ হয়ে যায়। কিছু সময় সিসিটি ও এনসিটি টার্মিনালে সীমিত কার্যক্রম চললেও সকাল সাড়ে নয়টার দিকে বিক্ষোভ শুরু হলে সেখানেও কাজ থেমে যায়।
ধর্মঘটের কারণে বন্দরের ইয়ার্ড থেকে আমদানি পণ্য সরবরাহ বন্ধ রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর ও দেশের ১৯টি বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোর মধ্যে আমদানি-রপ্তানি ও খালি কনটেইনার পরিবহনও সম্পূর্ণভাবে স্থগিত হয়েছে।
চট্টগ্রাম বন্দর রক্ষা ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, শ্রমিক-কর্মচারীরা পর্যায়ক্রমে কর্মবিরতিতে যোগ দিচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনাল অপারেটিং সিস্টেম পরিচালনাকারী কর্মীদের কাজ বন্ধ থাকায় বন্দর কার্যক্রম সচল করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :