খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৫:২০ অপরাহ্ন

জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পুরস্কারপ্রাপ্তদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও রয়েছেন, যাকে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের জন্য মরণোত্তর সম্মাননা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই তালিকা চূড়ান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মাননা পাচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর)। বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম এবং চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুরস্কার পাচ্ছে।

সাহিত্যে সম্মাননা পাচ্ছেন ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)। সংস্কৃতিতে এ কে এস হানিফ (হানিফ সংকেত) ও বশির আহমেদ (মরণোত্তর) নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া ক্ষেত্রে জোবেরা রহমান (লিনু), পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং সমাজসেবা ও জনসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, সাইদুল হক, গণস্বাস্থ্য কেন্দ্র ও মাহেরীন চৌধুরী (মরণোত্তর) সম্মাননা পাচ্ছেন।

জনপ্রশাসনে পিএইচডি কাজী ফজলুর রহমান (মরণোত্তর) নির্বাচিত হয়েছেন। গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।