পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ৯:২৯ অপরাহ্ন

আর্থিক খাতে সুশাসন, জবাবদিহিতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পদ্মা ব্যাংককে বিশেষ ব্যবস্থার (রেজোলিউশন) আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকটির চলমান আর্থিক সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজোলিউশন ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়েছে, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৬-এর ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে রেজোলিউশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকটির আর্থিক সংকট মোকাবিলা ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় অধ্যাদেশে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক।

২০১২ সালে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে ফারমার্স ব্যাংক নামে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। একপর্যায়ে আর্থিক সংকট ও গ্রাহকদের আস্থাহীনতার কারণে ২০১৭ সালে ব্যাংকটির প্রভাবশালী উদ্যোক্তাদের দায়িত্ব ছাড়তে হয়। পরে ব্যাংকটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ হিসেবে নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়।

ব্যাংকটির কার্যক্রম সচল রাখতে সরকারি চারটি ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) মূলধন সহায়তা দেয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন। তবে তার দায়িত্ব পালনকালেও ব্যাংকটির আর্থিক সংকট কাটেনি। ২০২৪ সালের শুরুতে তিনি চেয়ারম্যানের পদ ছাড়েন।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতিসহায়তা সত্ত্বেও খেলাপি ঋণ বৃদ্ধি এবং গ্রাহকদের আস্থাহীনতার কারণে ব্যাংকটির আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

বর্তমানে পদ্মা ব্যাংকের মূলধন ঋণাত্মক অবস্থায় রয়েছে। ব্যাংকটির মোট ঋণের প্রায় ৯২ শতাংশ খেলাপি। সুদ আয়ও ঋণাত্মক এবং তারল্য পরিস্থিতি সংকটাপন্ন। আর্থিক সক্ষমতার প্রায় সব সূচকে দুর্বল অবস্থানে থাকা ব্যাংকটির স্বল্প সময়ে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রেজোলিউশন প্রক্রিয়ার আওতায় নেওয়ার ফলে এখন ব্যাংকটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা, আর্থিক পুনর্গঠন এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।