পূর্বের অবস্থান থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

ইরানে সামরিক অভিযানের সময়সীমা নিয়ে আগের বক্তব্য থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘমেয়াদি সংঘাতের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, নির্দিষ্ট কোনো সময়সীমা নয়—ইরানে ঘোষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখতে চান যুক্তরাষ্ট্র।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। এর পরদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন যে চার সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হতে পারে। তবে পরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেসেথ জানান, পরিস্থিতি বিবেচনায় যুদ্ধ আট সপ্তাহ পর্যন্তও চলতে পারে।

বৃহস্পতিবার ব্রিটিশ সাময়িকী টাইম–কে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে অভিযানের কোনো নির্ধারিত সময়সীমা নেই। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো ইরানকে কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না দেওয়া। একই সঙ্গে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভেঙে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন কিছু নয়। তার মতে, মার্কিন নাগরিকেরা দীর্ঘদিন ধরেই এ ধরনের ঝুঁকির বাস্তবতার মধ্যেই বসবাস করছেন।

এদিকে চলমান সংঘাতে এখন পর্যন্ত ছয়জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, যুদ্ধের বাস্তবতায় হতাহতের ঘটনা দুঃখজনক হলেও তা পুরোপুরি এড়ানো সম্ভব নয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এই সংঘাত ক্রমেই বিস্তৃত আকার নিচ্ছে এবং এর কূটনৈতিক ও সামরিক প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।