ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি মোকাবিলায় আগামী ১৪ মার্চ থেকে সারা দেশে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই কর্মসূচির কথা জানান এবং নাগরিকদের প্রতিরোধমূলক পদক্ষেপে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, এডিস মশার কামড় থেকে ছড়ানো ডেঙ্গু ও চিকুনগুনিয়া জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, কোথাও তিন দিন পানি জমে থাকলেই সেখানে এডিস মশা জন্মাতে পারে—যা রোগ বিস্তারের প্রধান কারণ।
তিনি জানান, সাধারণত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেলেও এখন তা নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই। তাই আগাম প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়।
বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, নর্দমা বা পরিত্যক্ত টায়ার ও ফুলের টবের মতো জায়গায় পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অন্তত সপ্তাহে একবার ঘরের ভেতর ও আশপাশ পরিষ্কার রাখা জরুরি।
তিনি সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে। সরকারের স্বাস্থ্যনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রতিরোধই সর্বোত্তম চিকিৎসা।”
সরকার আশা করছে, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালু থাকলে আসন্ন মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :