সৌদি আরবের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিল ইয়েমেনের হুতিরা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন

ইয়েমেনের দুটি বিদ্যুৎকেন্দ্রে সৌদি আরবের বিমান হামলার পাল্টা জবাব হিসেবে দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের শুকাইক বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। একই সঙ্গে কেন্দ্রটির কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত শুকাইক বিদ্যুৎকেন্দ্রকে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে। শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ হুমকি দেন।

বার্তায় ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরব ইয়েমেনের সাদা ও মোখা শহরের দুটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। এর জবাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে শুকাইক বিদ্যুৎকেন্দ্রকে হুতি বাহিনীর বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।

একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির শ্রমিক ও কর্মীদের অবিলম্বে স্থাপনাটি খালি করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিদ্যুৎকেন্দ্রটির আশপাশে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

এর আগে হুতিদের পরিচালিত সংবাদমাধ্যম আল-মাসিরাহ টিভির খবরে বলা হয়, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা শহরের উত্তরে এবং লোহিত সাগরের উপকূলীয় শহর মোখার দুটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।

ওই হামলার পরপরই সৌদি আরবের বিদ্যুৎকেন্দ্রে পাল্টা হামলার হুমকি দেয় হুতি গোষ্ঠী। এতে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা