কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

কক্সবাজারের রামুতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী শিশু সাহিল এবং পাঁচ মাস বয়সী শিশু মাশরুফা।

দুর্ঘটনায় আহত হয়েছেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং আরও এক শিশু। তাঁদের কক্সবাজার জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজের পর তাঁরা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটিকে ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা হতাহত হন।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদীন জানান, বিকেল ৪টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

একই পরিবারের চার সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে দুই শিশুর প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।