গ্রাহক অসন্তোষের পর বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, শিগগিরই কার্যকর

প্রিপেইড মিটারে থাকছে না মাসিক চার্জ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ৫:০০ অপরাহ্ন

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের তিনি জানান, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি পর্যালোচনা করে গ্রাহকবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করতে সরকার এই চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী আরও বলেন, সিদ্ধান্তটি দ্রুত সময়ের মধ্যেই কার্যকর করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থ মিটার ভাড়া হিসেবে পরিশোধ করতে হয়। তবে অনেক গ্রাহকের অভিযোগ, মিটারের মূল মূল্য পরিশোধের পরও দীর্ঘদিন ধরে এই চার্জ আদায় করা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে এই মাসিক চার্জ প্রত্যাহারের দাবি জানানো হচ্ছিল।

সরকারের এ সিদ্ধান্তকে বিদ্যুৎ গ্রাহকদের জন্য স্বস্তিদায়ক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।