প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৬, ৮:২২ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে প্রতীকী উপহার হিসেবে কয়েকটি ছবি এবং হোয়াইট হাউসের একটি প্রতিরূপ তুলে দেন। ছবিগুলোর একটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারকে এবং অন্যটিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশকে দেখা যায়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এই সাক্ষাৎকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা ও পারস্পরিক যোগাযোগ জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।