ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে, সরবরাহ জোরদারে উদ্যোগ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৬, ৭:২৪ অপরাহ্ন

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে নতুন করে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি শুরু হয়েছে। বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে এই তেল দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল ডিপোতে পৌঁছাচ্ছে।

শুক্রবার বিকেলে ডিপোর দায়িত্বশীল কর্মকর্তা মো. আহসান হাবীব চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল থেকেই পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। পুরো চালানটি পৌঁছাতে প্রায় ৫০ ঘণ্টা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

ডিপো সূত্রে জানা গেছে, এর আগে গত ১৪ এপ্রিল ভারতের নুমালীগড় থেকে একই পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসে। মার্চ মাসে এসেছে আরও ২২ হাজার মেট্রিক টন। ফলে মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত মোট ৩০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে।

বর্তমান চালান শেষ হওয়ার পরপরই আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তুতি রয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হতে পারে। চলতি এপ্রিল মাসে মোট পাঁচ ধাপে প্রায় ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সরকার বলছে, বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার মধ্যে অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও সরবরাহ স্থিতিশীল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ছুটির দিনেও ডিপোর কার্যক্রম চালু রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানি পরিবহন ব্যয় কমানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করে তুলছে, যা দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়ক হবে।