সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় রায়

৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার তদন্ত সূত্রে জানা যায়, প্রথমে ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হলেও তদন্তে ছয়জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়। পরে এজাহারের বাইরে থাকা আরও সাতজনের জড়িত থাকার তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে ১৮ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, হত্যা ও অস্ত্র আইনে পৃথক মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।

গত বছরের ২৪ সেপ্টেম্বর ভোরে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতির ঘটনায় অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক করা হয়। উদ্ধার করা হয় দেশীয় তৈরি একটি বন্দুক ও ছয় রাউন্ড গুলি।

নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইলে। তিনি ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশনপ্রাপ্ত হন।