রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ১:২৭ পূর্বাহ্ন

দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি আরও বিস্তৃত করতে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) রূপালীক্যাশ এবং আকিজ অনলাইন-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠান দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও গ্রাহকবান্ধব করতে একযোগে কাজ করবে।

অনুষ্ঠানে আকিজ অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক শেখ আমিন উদ্দিন বলেন, সরকারি ও বেসরকারি খাতের দুটি শক্তিশালী প্রতিষ্ঠানের এই সমন্বয় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং একটি অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করবে।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম জানান, রূপালীক্যাশ অচিরেই দেশের অন্যতম জনপ্রিয় ও শীর্ষস্থানীয় ডিজিটাল আর্থিক সেবায় পরিণত হবে। তিনি উল্লেখ করেন, রূপালী ব্যাংক ২০১৬ সালে সরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে। পরবর্তীতে ২০২৫ সাল থেকে নিজস্ব প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম ‘রূপালীক্যাশ’ নামে কার্যক্রম পরিচালনা করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মামুনুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।