মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী, সই হতে পারে ১৭টি গুরুত্বপূর্ণ সমঝোতা ও চুক্তি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৬:২৩ অপরাহ্ন

সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে আগামী রোববার (২১ জুন) মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণ, আসিয়ান সদস্যপদ অর্জন এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বিষয়ক আলোচনা গুরুত্ব পাবে।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, সফর চলাকালে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি এবং শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সহজ করার বিষয়ও আলোচনায় আসবে।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী ২৩ জুন চীনের উদ্দেশে রওনা হবেন এবং ২৬ জুন পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন। সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চীন সফরে সমন্বিত নদী ও পানি ব্যবস্থাপনা, বিশেষ করে তিস্তা বহুমুখী প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (MoU), ২টি আনুষ্ঠানিক চুক্তি, ১টি অ্যাকশন প্ল্যান এবং ১টি প্রটোকল স্বাক্ষরের প্রস্তুতি রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, এসব সমঝোতা বাস্তবায়িত হলে অর্থনীতি, অবকাঠামো, পানি ব্যবস্থাপনা, প্রযুক্তি, শিক্ষা এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। পাশাপাশি সামরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ ২৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেবে।