জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আট অভিযোগে বিচার

এ মামলায় একমাত্র আসামি ছিলেন হাসানুল হক ইনু। তার বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়। অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করার নির্দেশ দেওয়া এবং আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়ার অভিযোগ।

রায় ঘোষণার আগে মঙ্গলবার সকালে তাকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

রায়ের আগে বিচারিক কার্যক্রম

গত ১৪ মে মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।

মামলার পটভূমি

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন নিহত হন।

এই ঘটনার পর হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে তদন্ত সংস্থা তার বিরুদ্ধে আটটি অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে। বিচার শেষে ট্রাইব্যুনাল তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।