বাংলা একাডেমির সভাপতি, প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্য সমালোচক ও প্রাবন্ধিক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (৫ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক ও তাঁর সাবেক ছাত্র মোহাম্মদ আজম। তিনি জানান, রোববার দুপুরে মিরপুর-১ এলাকার একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন এবং বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। ২০২৪ সালে তিনি বাংলা একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজচিন্তা নিয়ে তাঁর গবেষণা ও লেখালেখি বাংলা জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে। ভাষা আন্দোলন, রাজনীতি, সাহিত্য-সমালোচনা ও সংস্কৃতি বিষয়ে তাঁর দুই দশকেরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে একুশে ফেব্রুয়ারি আন্দোলন, রাজনীতি দর্শন, সাহিত্য চিন্তা এবং সংস্কৃতির সহজ কথা। এছাড়া তিনি ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ সাময়িকপত্র সম্পাদনা করেন এবং ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি ও স্বদেশচিন্তাসহ একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পাদনা করেছেন।
বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। তাঁর মৃত্যুতে দেশের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :