আরও ৫ শিশুর মৃত্যু, দেশে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৭৫৮


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে শত শত নতুন রোগী শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে।

রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে আরও একজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৮ জনে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৮৭৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৫০০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ১১ হাজার ৪৮০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯০ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর আক্রান্তদের দ্রুত চিকিৎসা গ্রহণ এবং টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।