ভারতের রাজধানী দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটক করা হয়েছে বলে দাবি করেছে দলটি। সোমবার (২০ জুলাই) সিজেপির মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান।
দলের অভিযোগ, পরীক্ষা পদ্ধতির সংস্কারের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার সময় দিল্লি পুলিশ অভিজিৎ দীপককে আটক করে। একই সঙ্গে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও বলপ্রয়োগ করেছে বলেও অভিযোগ তোলে সিজেপি। মুখপাত্র সৌরভ দাস সংসদ সদস্যদের শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান।
বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে হাজারো সমর্থক দিল্লির যন্তর-মন্তরে জড়ো হয়ে সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একটি অংশ নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমিত বলপ্রয়োগ এবং টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। নিরাপত্তার স্বার্থে সংসদ ভবনের কয়েকটি প্রবেশপথও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য ও বিক্ষোভকারী আহত হন। পরে ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সিজেপির দাবি, কনস্টিটিউশন ক্লাব ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) সংলগ্ন এলাকা থেকেও অন্তত সাতজন সমর্থককে আটক করা হয়েছে।
তবে দিল্লি পুলিশ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পুলিশের উপকমিশনার সচিন শর্মা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যাপক সহিংসতা ও গণআটকের খবরকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :