বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও পিছিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জুলাই সংস্করণে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে, যা চলতি বছরের জানুয়ারিতে ছিল ৯৫তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার (২১ জুলাই) সর্বশেষ এই সূচক প্রকাশ করেছে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য গন্তব্যের ভিসা নীতির ভিত্তিতে সূচকটি তৈরি করা হয়।
নতুন সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি দেশে আগাম ভিসা ছাড়াই অথবা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন। জানুয়ারি ২০২৬ এবং ২০২৫ সালের সূচকে এই সংখ্যা ছিল ৩৭টি। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে বাংলাদেশ দুইটি ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধার গন্তব্য হারিয়েছে।
তবে গত বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নত হয়েছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে দেশটির অবস্থান ছিল ১০০তম।
সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি দেশে ভিসামুক্ত বা সহজ প্রবেশ সুবিধা পান। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৮টি দেশে সহজে ভ্রমণ করতে পারেন।
তৃতীয় স্থানে রয়েছে সুইডেন (১৮৭টি গন্তব্য)। চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন, যাদের নাগরিকরা ১৮৬টি দেশে ভিসামুক্ত সুবিধা পান।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। এরপর রয়েছে ভারত (৮১তম), ভুটান (৮৮তম), মিয়ানমার (৯১তম), শ্রীলঙ্কা (৯৪তম) এবং বাংলাদেশ (৯৭তম)। বাংলাদেশের ঠিক পরেই রয়েছে নেপাল (৯৮তম), আর পাকিস্তান রয়েছে ১০১তম অবস্থানে।
বিশ্বকাপ ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল যৌথভাবে ১৬তম স্থানে রয়েছে। তাদের নাগরিকরা ১৬৯টি দেশে ভিসামুক্ত বা সহজ প্রবেশ সুবিধা পান।
অন্যদিকে যুদ্ধরত ইউক্রেন রয়েছে ৩১তম এবং রাশিয়া ৪৭তম অবস্থানে। ইসরায়েল রয়েছে ১৮তম স্থানে। ইরান ও ফিলিস্তিন যৌথভাবে ৯৬তম অবস্থানে রয়েছে, যেখানে ভিসামুক্ত বা সহজ প্রবেশযোগ্য গন্তব্য ৩৭টি।
সূচকের সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান। দেশটির নাগরিকরা মাত্র ২২টি দেশে আগাম ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন।
আপনার মতামত লিখুন :