আগস্টে সরকারি চাকরিজীবীদের টানা ৮ দিনের ছুটির সুযোগ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা চার দিন করে মোট আট দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে। তবে এ সুবিধা পেতে প্রতিটি ক্ষেত্রে মাঝের এক দিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে হবে।

ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, প্রথম দফায় আগামী ৫ আগস্ট বুধবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও ওই দিন এক দিনের ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

দ্বিতীয় দফায় ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি অধিকাংশ বেসরকারি অফিসেও ছুটি পালন করা হয়। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ইন্টারনেট, হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।

এ ছাড়া ব্যাংক ও আদালতের ছুটির বিষয়ে পৃথকভাবে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।