চীনের অর্থনৈতিক রূপান্তরের স্থপতি সাবেক প্রধানমন্ত্রী ঝু রোংজি মারা গেছেন


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন

চীনের অর্থনৈতিক সংস্কার ও রূপান্তরের অন্যতম প্রধান স্থপতি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রোংজি মারা গেছেন। বুধবার (১২ আগস্ট) বেইজিংয়ে অসুস্থতাজনিত কারণে ৯৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ঝু রোংজি। এর আগে তিনি দেশটির উপপ্রধানমন্ত্রী ছিলেন। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সংস্কার, করব্যবস্থায় পরিবর্তন এবং বাজারমুখী অর্থনীতির বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

১৯৯০-এর দশকে চীনের অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অদক্ষতা মোকাবিলায় কঠোর সংস্কার কার্যক্রম চালান ঝু। লোকসানে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও ঋণের বোঝা কমানোর উদ্যোগে বিপুলসংখ্যক কর্মী চাকরি হারালেও এসব পদক্ষেপ চীনের শিল্পখাতে দক্ষতা ও প্রতিযোগিতা বাড়াতে সহায়তা করে।

চীনের বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) যোগদানের ক্ষেত্রেও ঝু রোংজির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বে দীর্ঘ আলোচনার পর ২০০১ সালে চীন WTO-তে যোগ দেয়। এর ফলে বৈশ্বিক বাণিজ্যে চীনের অংশগ্রহণ আরও দ্রুত বিস্তৃত হওয়ার পথ তৈরি হয়।

ঝু রোংজি ছিলেন স্পষ্টভাষী ও কঠোর অবস্থানের জন্য পরিচিত। দুর্নীতি, সরকারি কর্মকর্তাদের অদক্ষতা এবং ব্যাংকিং খাতের অনিয়মের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে অবস্থান নিতেন। এ কারণে চীনের রাজনীতিতে তাঁর একটি স্বতন্ত্র ভাবমূর্তি তৈরি হয়েছিল।

তবে তাঁর অর্থনৈতিক সংস্কারের নেতিবাচক প্রভাব নিয়েও সমালোচনা ছিল। রাষ্ট্রীয় শিল্পে ব্যাপক পুনর্গঠনের ফলে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই হন। পরবর্তী সময়ে আয়বৈষম্যসহ বিভিন্ন সামাজিক সমস্যার জন্যও এসব সংস্কার নিয়ে প্রশ্ন ওঠে।

তারপরও চীনের অর্থনীতিকে বৈশ্বিক বাজারের সঙ্গে গভীরভাবে যুক্ত করা এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন আনার ক্ষেত্রে ঝু রোংজির ভূমিকা দেশটির আধুনিক ইতিহাসে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাঁর মৃত্যুকে দেশ ও কমিউনিস্ট পার্টির জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেছে।