থাপ্পড়ের ঘটনায় ত্রিশালের ইউএনও প্রত্যাহার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে মারধরের অভিযোগ এবং এর সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

সিসিটিভি ফুটেজে মারধরের দৃশ্য

বুধবার দুপুরে ত্রিশালের কাঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়িয়া এলাকায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে ইউএনওর বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কথাবার্তার একপর্যায়ে ইউএনও ওই কর্মীকে পরপর দুবার থাপ্পড় দেন। পরে র‌্যাবের এক সদস্য তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ইউএনও তার কাছ থেকে একটি লাঠি নিয়ে ওই কর্মীকে কয়েকবার আঘাত করেন বলে ফুটেজে দেখা যায়।

এ সময় ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ইউএনওকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরে দুঃখ প্রকাশ

ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে স্থানীয়ভাবে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। ত্রিশাল পৌর এলাকার একটি হাসপাতালে অনুষ্ঠিত ওই বৈঠকে সংসদ সদস্য মাহবুবুর রহমানসহ ইজারাদারের লোকজন ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বৈঠকের একপর্যায়ে ইউএনও আরাফাত সিদ্দিকী সেখানে উপস্থিত হয়ে আগের দিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনসঙ্গত কার্যক্রম চলাকালে হঠাৎ এমন একটি ঘটনা ঘটেছে এবং এ জন্য দুঃখিত।’

এর মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো।