বাংলাদেশ রেলওয়ের তিন শীর্ষ কর্মকর্তার দায়িত্বে বড় ধরনের রদবদল করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীণকে ঢাকায় অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) (চলতি দায়িত্ব) মামুনুল ইসলাম, পিইঞ্জ।
একই সঙ্গে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) (চলতি দায়িত্ব) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্বও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. সুবক্তগীণ চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের দায়িত্ব থেকে ঢাকার রেলভবনে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে যোগ দেবেন। তাঁর স্থলে চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের দায়িত্ব নেবেন মামুনুল ইসলাম।
অন্যদিকে আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান উন্নয়ন বিভাগের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করবেন। একই সঙ্গে যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।
একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদে এই রদবদলের ফলে বাংলাদেশ রেলওয়ের ঢাকার রেলভবন ও চট্টগ্রাম পূর্বাঞ্চলের শীর্ষ প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন এসেছে।
আপনার মতামত লিখুন :