দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে ১ হাজার ২৯১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১০২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৯ হাজার ১৩ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২১ হাজার ৯১০ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮০ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪৮ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে দুজন করে এবং বরিশাল ও খুলনায় একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ১ হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়নি।
ঢাকায় সবচেয়ে বেশি সন্দেহজনক রোগী
গত ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকায়—৪৮৬ জন। এরপর চট্টগ্রামে ২৬০, সিলেটে ১৬৪, বরিশালে ১২৩, খুলনায় ১১১, ময়মনসিংহে ৮৫, রংপুরে ৩৫ এবং রাজশাহীতে ২৭ জন শনাক্ত হয়েছেন।
একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যাতেও ঢাকা এগিয়ে। বিভাগটিতে ৮২ জনের হাম নিশ্চিত হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ১৩ জন এবং রংপুরে সাতজনের হাম শনাক্ত হয়েছে।
আপনার মতামত লিখুন :