ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্প মোকাবিলায় বিদ্যমান প্রস্তুতি কতটা কার্যকর, তা দ্রুত খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে দুর্যোগপ্রবণ এলাকায় দ্রুত আগাম বার্তা পৌঁছানো এবং আশ্রয়কেন্দ্রগুলোর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার সুপারিশ করেছে কমিটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব নির্দেশনা ও সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, এস এ জিন্নাহ কবীর, নাদিয়া পাঠান পাপন, মোসাম্মৎ শাম্মী আক্তার, এ টি এম আজহারুল ইসলাম এবং মুহাম্মদ আলী আছগার অংশ নেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর সদস্য ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম ও গত ছয় মাসের অগ্রগতি নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
ভূমিকম্প প্রস্তুতির তথ্য চেয়েছে কমিটি
বৈঠকে ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্প মোকাবিলায় বর্তমান প্রস্তুতির বিস্তারিত তথ্য পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়। ভূমিকম্পের মতো বড় দুর্যোগে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম কতটা প্রস্তুত, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
একই সঙ্গে দুর্যোগপ্রবণ এলাকায় দ্রুততম সময়ে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলাভিত্তিক আশ্রয়কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের হালনাগাদ তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট স্থানীয় সংসদ সদস্যদের কাছে পাঠানোর সুপারিশ করেছে কমিটি।
ত্রাণ বিতরণে জবাবদিহিতার তাগিদ
প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে। সরকারি সহায়তা ও ত্রাণের বরাদ্দ যাতে যথাযথভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে, তা নিশ্চিত করারও তাগিদ দেওয়া হয়।
দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রগুলো সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহারোপযোগী রাখার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি নির্মাণকাজে ঠিকাদাররা যাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে না পারে, সে জন্য কঠোর নজরদারি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
বৈঠকের শুরুতে সভাপতির বক্তব্যে মুন্সী রফিকুল আলম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আন্দোলনে আহতদের প্রতি সমবেদনা জানান।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, সংসদ সচিবালয়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :