২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৮৬০


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন আটজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জনে। একই সময়ে নতুন রোগী ভর্তি হওয়ায় এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯২ হাজার ২১৬ জন।

গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ১ হাজার ৮৫২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮৬ হাজার ১৫২ জন।

নতুন ভর্তি রোগীর হিসাবে সবচেয়ে বেশি রোগী রয়েছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৭৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ৩৭৬ জন, চট্টগ্রামে ২১৬ জন, বরিশালে ২০০ জন, রাজশাহীতে ১৭৬ জন, ময়মনসিংহে ১১০ জন এবং রংপুরে ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ অব্যাহত থাকায় হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থাপনার ওপরও বাড়তি চাপ তৈরি হয়েছে।