সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে। মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাঁদের এ সাজা দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বুধবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাতে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম আজেল নিউজ। প্রতিবেদনে দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির নাম নজরুল ইসলাম আব্দুল বাসির ও সিথি আকতার বলে উল্লেখ করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ঘটনার পর নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। পরে সংশ্লিষ্ট আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদনে রায় চূড়ান্ত হওয়ার পর রাজকীয় আদেশে সাজা কার্যকর করা হয়।
তবে কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
বিবৃতিতে সৌদি সরকার জানিয়েছে, মসজিদের পবিত্রতা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :