ভারতের মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার ঘটনায় বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে পুলিশ। ভারতীয় নাগরিক না হয়েও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে দেশটির অভিবাসন আইনের আওতায় তাঁকে এ নোটিস দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক। ভারতে বসবাসের জন্য তাঁর রয়েছে ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ড। পুলিশের দেওয়া নোটিসে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫’-এর ৭ নম্বর ধারা উল্লেখ করা হয়েছে। এ ধারায় ভারতে বিদেশি নাগরিকদের প্রবেশ, অবস্থান, চলাচল ও দেশত্যাগের বিষয়ে বিধিনিষেধ আরোপের ক্ষমতা রয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়ার পর ব্যবস্থা
ইমরান খানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার আগে ক্ষমতাসীন বিজেপির নেতা কিরীট সোমাইয়া পুলিশের কাছে অভিযোগ করেন। তাঁর অভিযোগ ছিল, ওসিআই কার্ডধারী ও বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও ইমরান ভিসা ও অভিবাসনসংক্রান্ত শর্ত লঙ্ঘন করে রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়েছেন।
গত ১০ অক্টোবর মুম্বাইয়ের ঐতিহাসিক অগাস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অংশ নেন ইমরান। ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ওই কর্মসূচির আয়োজন করে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী লেখা ওয়াশিংটন ও তাঁর দূরসম্পর্কের বোন জেইন মেরি খান। বিক্ষোভ চলাকালে তাঁদের আটক করে পুলিশ; পরে ছেড়ে দেওয়া হয়।
ওই কর্মসূচি থেকে তুষার গান্ধীর নেতৃত্বাধীন ‘হাম ভারত কে লোগ’ সংগঠন এবং সিপিআইএমের নেতাকর্মীসহ প্রায় ৪০০ জনকে আটক করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আটক অবস্থায় প্রিজন ভ্যানের ভেতর থেকে একটি সেলফি পোস্ট করে রসিকতার সুরে ইমরান লিখেছিলেন, “মনে হচ্ছে লং ড্রাইভে যাচ্ছি।” সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে তাঁকে পুলিশের উদ্দেশে ‘জয় হিন্দ’ বলতে দেখা যায়।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইমরান জানান, কোনো বিশেষ রাজনৈতিক দাবি নিয়ে তিনি বিক্ষোভে যাননি। তাঁর ভাষ্য, শহরের একজন বাসিন্দা হিসেবে মানুষের চলাফেরার স্বাধীনতায় বাধা দেওয়া হচ্ছে কি না এবং তাঁদের কণ্ঠরোধ করা হচ্ছে কি না, তা দেখতে তিনি সেখানে গিয়েছিলেন।
ইমরান খান এখন নির্ধারিত সময়ের মধ্যে ভারত ছাড়বেন, নাকি নোটিসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন—সে বিষয়ে প্রতিবেদনগুলোতে তাঁর পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
আপনার মতামত লিখুন :